রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে চার হাজার ২৬০ পিস ইয়াবাসহ ছয় জনকে আটক করেছে র্যাব। আটকরা হলো- মো. শামসুল আলম (৩৫), মো. রফিকুল ইসলাম (৫৯), মোছা. ইয়াছমিন আক্তার (৩২), কাওছার মনি(২৩), মো. মনোয়ার হাসান(৩২) ও মো. মামুন মিয়া(২১)।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, বুধবার সন্ধ্যা সাতটার দিকে আব্দুল্লাহপুর বাসট্যান্ড এলাকা থেকে তিন হাজার ২৪০ পিস ইয়াবাসহ চার জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির তিন লাখ ৫০ হাজার টাকা, চারটি মোবাইল ও দুটি ভ্যানিটি ব্যাগ জব্দ করা হয়।
এছাড়া যাত্রাবাড়ী থেকে এক হাজার ২০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ও ৯ হাজার ৮০০ টাকাসহ দুই জনকে আটক করে র্যাব-১০।
শাহরিয়ার জিয়াউর রহমান আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- আটকরা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান গাড়িযোগে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।
