মৌলভীবাজারের রাজনগরে মানসিক অসুস্থ্য নাবালিকাকে চা খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক হোটেল কর্মচারীকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃত যুবক উপজেলার টেংরা ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত বকুল করের ছেলে সুজিত কর (১৯) সে দেওয়ান দিঘির পাড়স্থ হোটেল ডন এর কর্মচারী ।

মঙ্গলবার (১৩ জুন) ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে রাজনগর থানায় মামলা করলে রাতে উপজেলার হরিহরপুর গ্রামের মৃত বকুল করের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার টেংরা ইউনিয়নের হরিহরপুর গ্রামের বলাই করের মানসিক অসুস্থ্য নাবালিকা মেয়ে (১৩) প্রায়ই টেংরা বাজারের দেওয়ান দিঘির পাড়ের হোটেল ডনে চা খেতে যেত। গত ১২ জুন দুপুর দেড়টায় মেয়েটি ওই হোটেলে চা খেতে গেলে সুজিত কর মেয়েটিকে চা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে হোটেলের ভিতরের চা বানানোর কক্ষে নিয়ে যায় এবং সেখানে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, বাদীর লিখিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায়, সুজিত কর নামে এক যুবককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।