মৌলভীবাজার শহরে পাওয়া মানসিক ভারসাম্যহীন কিশোরী খাদিজা আক্তার(১৬)কে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার সকালে মেয়েটির মা-বাবা মৌলভীবাজার সদর মডেল থানায় এসে অফিসার ইনচার্জ হারুনূর রশীদ চৌধুরীর মাধ্যমে মেয়েটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মৌলভীবাজার শহরে মেয়েটিকে একা ঘুরাফেরা করতে দেখে কয়েকজন লোক মেয়েটিকে মৌলভীবাজার সদর থানায় নিয়ে আসেন। থানায় মেয়েটিকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু মানসিক ভারসাম্যহীন মেয়েটি তার নাম ঠিকানা সঠিক বলতে পারেনি।

পরবর্তীতে মেয়েটির পরিচয় শনাক্তের জন্য মৌলভীবাজার জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে মেয়েটির ছবিসহ একটি পোস্ট করা হয়।

এই ফেসবুক পোস্টের মাধ্যমে কিশোরী খাদিজা আক্তারের পরিবার থানায় যোগাযোগ করেন। সে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আতকাপাড়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে। রবিবার জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।