হবিগঞ্জে নিপা তালুকদার (২২) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের মোহনপুরের নিম্বর আলীর বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিপার কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।
নিপা সুনামগঞ্জের দিরাই উপজেলার খাগাউড়া গ্রামের শ্যামল তালুকদারের মেয়ে। প্রায় দুই বছর ধরে নিপা হবিগঞ্জ শহরের ফয়েজ জেনারেল হাসপাতালে নার্স হিসেবে চাকরি করছেন ও মোহনপুর এলাকার নিম্বর আলীর বাসায় ভাড়া থাকেন।
চিরকুটে লেখা রয়েছে, আমার প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু আমি পারিনি। তাই নিজে নিজে এই পথ বেছে নিলাম। আমাকে ক্ষমা করে দিও এবং তোমরা আমার জন্য দোয়া করো।
পুলিশ জানিয়েছে, স্থানীয়রা তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
