মৌলভীবাজারের কমলগঞ্জে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে সরকারি ভূমি থেকে ১০৫টি গাছ কেটে লুপাট করার অভিযোগ উঠেছে। গত দু’দিন ধরে উপজেলার শমশেরনগরের সতিঝিরগ্রামের সরকারি দিঘির চারপাশ থেকে সারিকৃত গাছগুলো কেটে বিক্রি করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সোমবার সকাল ১০টায় সতিঝিরগ্রামের দিঘির পাশ থেকে গাছ কাটছেন একই গ্রামের শহীদ মিয়া ও উজ্জ্বল মিয়া নামে দুই শ্রমিক। পুলিশ দেখার পরই তারা গাছ কাটার যন্ত্রপাতি নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে দিঘির তিনপাশের গাছ কেটে ফেলা ১০৫টি, গাছের গুঁড়া পড়ে থাকতে দেখা যায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কেটে ফেলা ২৫টি গাছ দেখভালের দায়িত্ব দেন স্থানীয় ইউপি সদস্যকে।

স্থানীয়রা জানান, বেলজিয়াম ও আকাশমনি প্রজাতির ১০৫টি গাছের বাজার মূল্য প্রায় তিন লাখেরও বেশি টাকা। এতে করে সরকার লক্ষ টাকারও বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

সতিঝির গ্রামের বাসিন্দা মুকিদ মিয়া বলেন, আমার ভাইসহ এলাকার কয়েকজন মিলে এই গাছগুলো রোপণ করে ছিলেন। তবে গাছগুলো কে বা কারা কেটে বিক্রি করছে তা আমার জানা নেই।

এব্যাপারে অভিযুক্ত উজ্জ্বল মিয়া বলেন, আমি শ্রমিক হিসেবে গাছ কাটতে গিয়েছি।

শমশেরনগর ইউপি সদস্য সানোয়ার হোসেন বলেন, পুলিশ কেটে ফেলা ২৫টি গাছ দেখভালের জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সরেজমিনে গিয়ে গাছ কাটার বিষয়টি দেখা গেছে। ঘটনাস্থলে ১০৫টি গাছের গুড়ি পাওয়া গেছে।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার বলেন, তিনদিন ধরে গাছ কাটা হচ্ছে অথচ আমাকে আজ জানানো হয়েছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তহশিলদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।