মৌলভীবাজারের রাজনগর উপজেলার মশুরিয়া গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন রুহুল মিয়া (৪০)। তাকে প্রায়ই দেখা যেতো রাজনগর থানার আশেপাশে ঘুরাঘুরি করতে। থানার লোকজনসহ সবাই তাকে পাগল বলেই মনে করতো। থানার সামনে তাকে প্রতিনিয়ত দেখে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুলের খোঁজ খবর নিতে বলেন। মানসিক ভারসাম্যহীন রুহুলের বাড়িঘর, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়ার দায়িত্ব পান এসআই নুর উদ্দিন। তিনি খোঁজ নিয়ে রুহুল মিয়ার আত্মীয় স্বজন খুঁজে বেরও করেন।

স্থানীয় লোকজন এবং রুহুলের আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদে জানা যায়, রুহুলের এই পরিস্থিতির পেছনে মূল কারণ হলো সম্পত্তি। তার আপনজনেরাই সম্পত্তির ভাগ বাটোয়ারা সংক্রান্ত বিষয়ে কৌশলে তাকে পাগল সাজিয়ে বাড়ি থেকে বের করে দেন।

অবশেষে পুলিশের সহায়তায় পরিবারে ঠাঁই পেলেন ভারসাম্যহীন রুহুল। সর্বশেষ গত ২০ ডিসেম্বর মঙ্গলবার মশুরিয়া গ্রামে রুহুলের এলাকার লোকজনদের সাথে বসে আলাপ আলোচনা করে ভারসাম্যহীন রুহুলকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’র) হস্তক্ষেপে এলাকার লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্হিতিতে রুহুলকে তার পরিবার গ্রহণ করে এবং রুহুলের যথাযথ চিকিৎসা করাবে মর্মে আশ্বস্ত করেন।

রাজনগর থানার ওসি জানান, রুহুল নামের এই লোকটি প্রায় সারাদিনই থানার আশেপাশে থাকতো। দেখে কিছুটা মানসিক ভারসাম্যহীন মনে হতো আমার। পুলিশের কাজই হচ্ছে মানুষের জন্য কাজ করা।তিনি বলেন আমার থানার সামনে একটা মানসিক ভারসাম্যহীন লোক অসহায়ের মতো পড়ে থাকে। বিষয়টি নিয়ে আমি আমার ঊর্ধ্বতন অফিসারদের সাথে আলোচনা করে তার পরিবার খুঁজে বের করার জন্য এসআই নুর উদ্দিনকে দায়িত্ব দেই। আমরা রুহুলকে তার পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। পরিবারকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য বলেছি। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে বাংলাদেশ পুলিশ পাশে থাকবে।