পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে শহরের পাশাপাশি প্রত্যান্ত অঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মাণসহ স্কুল কলেজ, মাদ্রাসা গুলোতে আধুনিক ভবন নির্মিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। এ সরকারের আমলে উন্নয়নের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে।

তিনি (২৯ অক্টোবর ) শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের ধর্মদেহী-মোরাগঞ্জ পাকা রাস্তা হতে ধর্মদেহী গ্রামের শেষ পর্যন্ত ১ কি.মি. রাস্তা এইচবিবি করণ এবং ধর্মদেহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

রাস্তা ও ভবন নির্মাণ বাস্তবায় করেছে,দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। পরিবেশমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা সরকার দেশের গরীব ও অসহায় মানুষকে যে ভাবে সহযোগিতা প্রদান করছে বিগত আর কোন সরকারের আমলে করা হয়নি। বিভিন্ন  সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনও ধর্মীয় পরিচয় বিবেচনা করা হয় না। সবাইকে সমানভাবে সরকারি সহযোগিতা প্রদান করা হয়। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের কর্মকাণ্ডে দেশ অনেক এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও সমাজ সেবক মো. জাকির হোসাইন খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রীতম সিকদার জয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, জেলা পরিষদের সদস্য আজিম উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, দাসের বাজার ইউপি চেয়ারম্যান ডা.স্বপন কুমার চক্রবর্তী প্রমুখ।