মৌলভীবাজারের বড়লেখায় পঁচা মরিচ ও রঙ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিল মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান।
ভেজাল মসলা তৈরির ওই কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান কালে কারখানার মালিক আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রায় ২ টন ভেজাল মরিচ ধ্বংস করা হয়েছে।
(৩০ অক্টোবর) রোববার দুপুরে বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় অবস্থিত ভেজাল মসলা তৈরির এই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ।
আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশন নামে একটি কারখানায় দীর্ঘদিন ধরে ভালো মরিচের সঙ্গে পঁচা মরিচ ও রঙ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি করে তা বাজারজাত করছিল-এমন খবর পেয়ে ওই কারখানায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। সেখান থেকে প্রায় ২ টন পঁচা মরিচ জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৪৩) ধারায় কারখানার মালিক আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশন দীর্ঘদিন ধরে ভালো মরিচের সঙ্গে পঁচা মরিচ ও রঙ মিশিয়ে ভেজাল মরিচের গুড়া তৈরী করে বাজারজাত করে আসছিল। অভিযান চালিয়ে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা প্রায় ২ টন ভেজাল মরিচ ফায়ার সার্ভিসের সহযোগিতায় ধ্বংস করা হয়েছে। কারখানাটির লাইসেন্স বাতিলের জন্য বিএসটিআইয়ের কর্মকর্তাকে বলা হয়েছে।
