সিলেট বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। সিলেট-৬ আসনের অন্তর্গত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংসদীয় আসনটি স্বাধীনতা-পরবর্তী সাত মেয়াদ ছিল আওয়ামী লীগের দখলে। সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদই চার মেয়াদে এমপি হন এ আসন থেকে। ফলে আসনটি আওয়ামী লীগের ঘাঁটি বলা চলে। কিন্তু এ দুই উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ১৩টিতেই নৌকার ভরাডুবি হয়েছে। চারটি ইউনিয়নে নৌকার প্রার্থীরা জামানত রক্ষার মতো ভোটও পাননি।

শুধু সিলেটেই নয়, অন্য জেলায়ও দলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের নির্বাচনী এলাকায় ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবির ঘটনা ঘটেছে। অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা তো দূরের কথা জামানত বাজেয়াপ্ত হয়েছে অনেক প্রার্থীর। দল মনোনীত প্রার্থীদের এমন বিপর্যয়ে আওয়ামী লীগের অভ্যন্তরে যেমন তোলপাড় চলছে, তেমনি রক্তক্ষরণ হচ্ছে পরাজিত দলীয় প্রার্থী ও তাদের সমর্থকদের। বিষয়টি ভাবিয়ে তুলেছে স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নীতিনির্ধারকদের।

পরাজয়ের কারণ খুঁজছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ প্রার্থীদের পরাজয়ের পেছনে অন্যতম কারণ হচ্ছে, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য প্রার্থী না দেওয়া, বিদ্রোহ দমাতে ব্যর্থতা, নৌকার বিরোধিতায় বিএনপি এবং বিগত সময়ের চেয়ে সুষ্ঠু ভোট হওয়া। এই কারণগুলোর সঙ্গে আওয়ামী লীগের একাধিক নীতি নির্ধারণী পর্যায়ের নেতা একমত পোষণ করলেও তারা তৃপ্তির ঢেকুর ফেলছেন, ‘ফলাফল যাই হোক, সুষ্ঠু ভোট হয়েছে’। মানুষ উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে গেছে। স্থানীয় সরকার নির্বাচনে ভোট নিয়ে নানা সমীকরণ থাকে। জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

এ প্রসঙ্গে সিলেট আওয়ামীলীগ নেতাদের কাছে জানতে চাইলে, তারা দৈনিক বাংলাদেশ মিডিয়াকে বলেন ‘স্থানীয় সরকার নির্বাচনে কিছু কিছু এলাকায় প্রত্যাশিত ফল হয়নি, এটা সত্য। কিন্তু অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট হয়েছে, এটাই আমাদের বড় প্রাপ্তি। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন। এমপি-মন্ত্রী বা কেন্দ্রীয় নেতাদের এলাকায় নৌকা প্রার্থী হারলেও প্রমাণিত হয়েছে, নির্বাচন প্রভাবমুক্ত হয়েছে। সুষ্ঠু ভোটই আমাদের প্রধান লক্ষ্য।’

জাতীয় নির্বাচনে এই ভোটের প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তারা বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। স্থানীয় সরকার নির্বাচন হয়, এলাকা-জ্ঞাতি-গোষ্টি ও স্থানীয় প্রভাবের ভিত্তিতে। অন্যদিকে, এবার দলীয় প্রতীক নিয়ে বিএনপি অংশ গ্রহণ করেনি। সে কারণে আমাদের দলের যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, বিএনপির ভোট তাদের দিকেই পড়েছে। কারণ বিএনপি কখনোই নৌকায় ভোট দেবে না, তারা চাইবে নৌকাকে পরাজিত করতে। আওয়ামী লীগে হেরেছে, এটা বলা যাবে না।’

বিগত কয়েক ধাপের ভোট পর্যালোচনা করে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সিলেটের বিভিন্ন জেলা উপজেলা ঘুরে দেখা যায় তৃতীয় ধাপে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে মাত্র দুটি ইউনিয়নে নৌকা জয়লাভ করেছে।

প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের এলাকা সিলেটের জৈন্তাপুর উপজেলায় পাঁচটি ইউনিয়নের মধ্যে মাত্র দুটি ইউনিয়নে নৌকা ও গোয়াইনঘাট উপজেলায় ছয়টি ইউনিয়নের মধ্যে তিনটিতে নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। কোম্পানীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটিতেই জিততে পারেননি আওয়ামী লীগ প্রার্থীরা। এগুলোতে জয়ী হয়েছে বিএনপির দুজন ও আওয়ামী লীগের একজন বিদ্রোহী।

দ্বিতীয় ধাপের ভোটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের নির্বাচনী এলাকা সিলেট-১ আসনের অন্তর্গত সিলেট সদর উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে দুটিতে নৌকা জয় পেলেও অন্য দুটি হাত ছাড়া হয়।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চরম ভরাডুবি হয়েছে বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন আহমদের নির্বাচনী এলাকা মৌলভীবাজার-১ আসনের অন্তর্গত জুড়ী উপজেলায়। এ উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে একটিতে জয়ের মুখ দেখলেও চারটিতে নৌকার ভরাডুবি হয়। বড়লেখায় উপজেলায় পাঁচটিতে নৌকা বিজয়ী, পাঁচটিতে ভরাডুবি।

বেসরকারি বিমানচলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর নির্বাচনী এলাকা চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় নৌকার ভরাডুবি হয়েছে। মন্ত্রীর বাড়ির দুই কেন্দ্রে নৌকা পেয়েছে মাত্র ৪৭টি ভোট। এমনকি জামায়াত থেকেও এবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সেখানে।