সদ্য শেষ হওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার আরও একজন রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী। পূর্ব পরিকল্পিতভাবে প্রার্থীর এজেন্টদের বের করে জালিয়াতির মাধ্যমে নিজেদেরর পছন্দের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ নির্বাচনে পরাজিত এ প্রার্থীর। গতকাল বিকালে সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেছেন উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মোছা. বেদানা বেগম। নজিরবিহীন জালিয়াতি ও বিতর্কিত এই নির্বাচনের বেসরকারি ফলাফল বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করে নতুন করে ভোট গ্রহণের দাবি জানান তিনি। এর আগে গত বুধবার পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ২ নং বীরশ্রী ইউনিয়নের ৭, ৮ ও ৯নং সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে গঠিত সংরক্ষিত ৩নং মহিলা ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বিতা করেন। সংবাদ সম্মেলনে বেদানা বেগম বলেন, ২নং বীরশ্রী ইউনিয়ন নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী। তার যোগসাজেশে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা পুরো ইউনিয়নে নজিরবিহীন ভোট জালিয়াতি ও কারচুপির মাধ্যমে পছন্দের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে জকিগঞ্জের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছেন। যা নির্বাচন কমিশনকেও প্রশ্নবিদ্ধ করেছে।

সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী বেদানা বেগম বলেন, আমার নির্বাচনী এলাকার সোনাপুর সুপ্রাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. রোকন উদ্দিন ভোটের দিন সকালে আমাদের জানান- এ কেন্দ্রে ২০০টি ব্যালেট পেপার না আসায় ব্যালেট পেপার ফটোকপি করে ভোটগ্রহণ করতে হবে। প্রিসাইডিং অফিসারের এমন বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ করলে তিনি দুঃখ প্রকাশ করে নানা সমস্যার কথা তুলে ধরে ভোটগ্রহণ শুরু করেন। বিকালে প্রতিটি ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে আমার এজেন্টদের বের করে দিয়ে দরজা বন্ধ করে ভোট জালিয়াতি ও ভোট কারচুপির মাধ্যমে ফলাফল ঘোষণা করে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।