দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮০১ জনে। চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন মোট ৯১ জন।
সোমবার (১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, রোববার সকাল থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১২৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ জন।
চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে নভেম্বরে ১৪৬, অক্টোবরে ৫ হাজার ৪১৬ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
এছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৯১ জনের মধ্যে অক্টোবর মাসে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬০৬ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৫০ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৯৫৪ জন।
