ঢাকের বোল, কাঁসর ঘণ্টা আর শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজামন্ডপ। সোমবার সকাল ১০টায় মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজশাহীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে এ ধর্মীয় উৎসব। তবে এবারো করোনাভাইরাস কারণে পূজামন্ডপের আয়োজন এবার অনেকটাই সীমাবদ্ধ থাকছে। এবার হচ্ছে না শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবার রাজশাহী জেলা ও মহানগর মিলে ৪৫৬ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেলায় ৪৫৬টি এবং মহানগরে ৭৫টি পূজামন্ডপ আর জেলার ৯ টি উপজেলায় মোট ৩৮১ মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এবারের পূজায় স্বাস্থ্যবিধির ওপর গুরুত্ব দেয়ার পাশাপাশি তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে আরএমপি’র পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তিনি গুরুত্বপূর্ণ পূজামন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেতৃবৃন্দকে আহবান জানান।
পূজামন্ডপ গুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশ ও নির্গমন লাইন রাখার এবং পূজা মন্ডপে পুরুষ ও মহিলা আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।
থানার অফিসার ইনচার্জগণকে পূজা কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ প্রদান করেন এবং ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য নির্দেশ প্রদান করেন। যাতে করে দর্শনার্থীরা নির্ভিঘ্নে পূজামন্ডপ দর্শন করতে পারে।
