রাজশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৫ মার্চ। এ মাসের শেষের দিকে ঘোষণা হতে পারে পৌরসভা নির্বাচনের তফসিল। পৌর নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়েছে প্রার্থীদের তোড়জোড়। দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে লবিং শুরু করেছেন। তবে নীরবে এগুচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। তাদের মাঠে দেখা যাচ্ছে না।
বর্তমানে দুর্গাপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও মেয়র হিসেবে টানা ১০ বছর দায়িত্ব পালন করলেও আগামী নির্বাচনে দলের একাধিক জুনিয়র ও সিনিয়র নেতা মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হল, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র তোফাজ্জল হোসেন, জেলা পরিষদ সদস্য ও দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম টুলু, উপজলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান সান্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেনের নাম।
বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন বলেন, দায়িত্ব পালনকালীন সময়ে তিনি পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। দল যদি চায়, তিনি তৃতীয় বার নির্বাচনে অংশ নিবেন। আগামী নির্বাচনে দলীয় মনোনয়নে মেয়র হতে পারলে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচনে তিনি আবারও বিজয় লাভ করবেন এমনটি জানিয়েছেন এই পৌর মেয়র।
দুর্গাপুর পৌরসভা নির্বাচন প্রসঙ্গে উপজেলা বিএনপি’র আহব্বায়ক আয়নাল হক বলেন, এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। সময় আসলে বলব। আর প্রার্থী মনোনয়ন নিয়ে জেলা বিএনপি’র সভাপতি-সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি-সম্পাদকসহ গঠিত কমিটি সিদ্ধান্ত নিবে।
এদিকে দুর্গাপুর পৌর এলাকায় দেখা গেছে, পৌর-এলাকায় ছড়িয়ে পড়েছে নির্বাচনি আমেজ। ভোটারদের দোয়া পেতে সম্ভাব্য মেয়র প্রার্থীরা বিভিন্ন স্থানে ব্যানার, পোস্টার ও বিলবোর্ড তোরণ সাঁটিয়ে দোয়া ও সমর্থন চাচ্ছেন। সম্ভাব্য মেয়র প্রার্থীরা নিজ জেলার নেতাদের দারস্থ এবং কেন্দ্রের শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে জোড় লবিং ব্যস্ত সময় কাটাচ্ছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের চায়ের স্টলে, দোকান, হোটেল, বাজারসহ প্রার্থীদের নিজস্ব কার্যলয়ে চলছে নির্বাচনি আলাপ।
অন্যদিকে, দুর্গাপুর পৌরবাসীর দাবি পৌর-এলাকার নাগরিকদের সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি ও উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিয়ে যেন দলীয় প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়।
