পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নেতৃত্বে দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজশাহী, সিলেট, টাঙ্গাইলসহ অন্যান্য জেলায় বাজারে পরিদর্শনে নামেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।এ সময় দাম বেশি রাখার দায়ে বিক্রেতাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
রাজশাহীর বাজারগুলোতে সকাল থেকে পেয়াঁজ বিক্রি হচ্ছিল ৮০ টাকা কেজি দরে। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির কথা শুনে মুহূতেই তা নেমে আসে ৬০ টাকায়।
ক্রেতারা অভিযোগ করছেন, ম্যাজিস্ট্রেট বের হয়ে যাওয়ার পরই আবারো নেয়া হচ্ছে আগের দাম।
সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক আবু আসলাম।
একই চিত্র সিলেটেও। নগরীর পাইকারি বাজার কালিঘাট, মহাজনট্টি, আম্বরখানায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং এ নামেন সিলেট জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোক্তা অধিকারের একটি দলও সাথে ছিল।
টাঙ্গাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকার পার্ক বাজারে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অহেতুক পেঁয়াজের দাম না বাড়াতে ব্যবসায়ীদের সতর্ক করে কঠোর জরিমানার হুশিঁয়ারি দেন ব্যবসায়ীদের।
এদিকে, চাহিদা সামাল দিতে ফেনিতে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। তবে, শুধু পেঁয়াজ নয়, টিসিবি-তে তেল, ডাল, চিনিসহ প্যাকেজভিত্তিক পণ্য নিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।
