বড় ধরনের নাশকতার ছক রুখে দিয়ে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক বোমা (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দসহ দুই চালককে আটক করা হয়েছে।
​শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
​আটককৃতরা হলেন—টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুলবিল এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম এবং নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান। পেশায় তাঁরা দুজনই অটোরিকশাচালক।
​বিজিবি সূত্র জানায়, সংঘবদ্ধ একটি চক্র মিয়ানমার সীমান্ত পেরিয়ে চোরাই পথে এসব বিস্ফোরক ও অস্ত্র-গুলি টেকনাফে নিয়ে আসে। দেশে বড় ধরনের নাশকতা চালানোর উদ্দেশ্যে চালানটি পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার রামু সেক্টরের অধীন টেকনাফ ২ বিজিবির একটি দল আদর্শ গ্রাম এলাকায় সড়কে তল্লাশিচৌকি স্থাপন করে। তল্লাশিকালে বিস্ফোরক ও অস্ত্র-গুলিসহ ওই দুই অটোরিকশাচালক হাতেনাতে ধরা পড়েন। পরে পাচার কাজে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
​অভিযানের বিষয়ে কক্সবাজার রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম জানান, উদ্ধার হওয়া আইইডি বোমা, বিস্ফোরক তৈরির উপকরণ, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।