চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের অর্থ ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ তদন্ত ও ধারাবাহিক অভিযানে ছিনতাই হওয়া ৭ লাখ ৩৩ হাজার টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তবে বাকি ২ লাখ টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি; তা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।
রোববার (২২ নভেম্বর) ভূজপুর থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। শ্রমিকদের সাপ্তাহিক মজুরি ও পূজার বোনাস নিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চা বাগানের সহকারী ম্যানেজার নেপাল দাশ (৬০) এবং পল্লী চিকিৎসক বাবুল দাশকে (৫৩) জখম করে। পরে তাদের কাছ থেকে ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ঘটনার পরপরই মাঠে নামে পুলিশ। ছিনতাইস্থল থেকেই মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত ২টার দিকে বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট ও মো. রাশেদকে আটক করা হয়। পরদিন ১৬ অক্টোবর বিকেল ৪টার দিকে নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার মূল হোতা মো. জাবেদকে গ্রেপ্তার করে পুলিশ; সে সময় তার কাছ থেকে ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করা হয় মো. সুমন ওরফে সিসিলেনকে। পুলিশের দাবি, সুমনের দেওয়া তথ্য এবং আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে ২১ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে প্রধান আসামি জাবেদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো মতে বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে উদ্ধার করা হয় আরও ৫ লাখ ৩০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)। এদের মধ্যে মোহাম্মদ আবু ও মো. সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজের নির্দেশনায় ভূজপুর থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে

মন্তব্য করুন