খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
​ঘটনার সময় বাড়িটিতে সাদিক কায়েমের বাবা-মা অবস্থান করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রলবোমা নিক্ষেপ করে এবং মূল দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুরো বাড়িতে আগুন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে তাঁর বাবা-মা নিরাপদে রক্ষা পান।
​এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন ডাকসু ভিপি। তাঁর অভিযোগ, জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে ভয়ভীতি দেখিয়ে এবং চোরাগোপ্তা হামলা চালিয়ে দলটি আবারও রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। তবে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, রাত ৩টার পর দুর্বৃত্তরা বাড়ির দেয়ালে আগুন ধরানোর চেষ্টা করেছিল, যা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।