​কিডনি রোগী মানেই মাথার ওপর ঝুলন্ত এক অদৃশ্য তলোয়ার—নিয়মিত ডায়ালাইসিস, ওষুধের খরচ আর পরিবারের আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়ার দীর্ঘশ্বাস। এই যন্ত্রণার সাগরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের স্যান্ডর ডায়ালাইসিস কেন্দ্রটি যেন বহু অসচ্ছল মানুষের কাছে একটি আস্থার ঠিকানা, একটি আশার প্রদীপ। কিন্তু সেই প্রদীপও নিভে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। মাত্র ৬২১ টাকায় ডায়ালাইসিস পাওয়ার অধিকার টিকিয়ে রাখতে এবং চুক্তি নবায়নের দাবিতে আজ চমেক হাসপাতালের সামনে ফুঁসে উঠেছিলেন ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনেরা।
​মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা। চমেক হাসপাতালের চত্বরে তখন অন্যরকম এক দৃশ্য। কারও পরনে অসুস্থতার ছাপ, কারও চোখেমুখে দুশ্চিন্তার ভাঁজ—কিন্তু সবার কণ্ঠে একটাই দাবি, “আমাদের বাঁচতে দিন, কম খরচে চিকিৎসার সুযোগ কেড়ে নেবেন না।”
​৬২১ টাকা বনাম তিন হাজার টাকার নিষ্ঠুর সমীকরণ
​মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, চমেকের স্যান্ডর ডায়ালাইসিস কেন্দ্রে বর্তমানে প্রায় ২৭৬ জন কিডনি রোগী নিয়মিত সেবা নিচ্ছেন। সরকারি ভর্তুকি থাকায় এখানে প্রতিটি ডায়ালাইসিসের খরচ মাত্র ৬২১ টাকা। অথচ বাইরে কোনো বেসরকারি হাসপাতালে এই জীবনরক্ষাকারী সেবা নিতে গেলে গুণতে হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা।
​হিসাবটা খুব সহজ নয়, বরং বড় নির্মম। একজন কিডনি রোগীর সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ডায়ালাইসিস প্রয়োজন হয়। মাস শেষে যার খরচ গিয়ে দাঁড়ায় ১২ থেকে ১৫ হাজার টাকায়। যেখানে দেশের লাখো নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের তিন বেলা খাবার জোগাতেই নাভিশ্বাস ওঠে, সেখানে বেসরকারি খরচে চিকিৎসা চালিয়ে যাওয়া মানে তিলে তিলে মৃত্যুর মুখে ঢলে পড়া।
​“বিকল্প ছাড়া বিকল্প ভাববেন না”
​মানববন্ধনে এক রোগীর স্বজন আক্ষেপ করে বলেন, “এই কেন্দ্রের ডাক্তার, টেকনিশিয়ান ও কর্মীদের ব্যবহার ও সেবার মান অত্যন্ত প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে রোগীরা এখানে স্বস্তিতে চিকিৎসা নিচ্ছেন। সরকার যদি কেন্দ্রটি অন্য কোথাও স্থানান্তর বা নতুন কোনো ব্যবস্থা করতে চায়, তবে তা যেন আগে নিশ্চিত করা হয়। বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ বর্তমান সেবা বন্ধ করে দেওয়া হলে আমাদের প্রিয় মানুষগুলোকে চোখের সামনে তিল তিল করে মরতে দেখতে হবে।”
​জানা গেছে, আগামী ১৯ নভেম্বর ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের সঙ্গে সরকারের ১০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে এবং সরকারি ব্যবস্থাপনায় পূর্ণ প্রস্তুতি না হওয়া পর্যন্ত চুক্তি আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এই ঘোষণায় সাময়িক স্বস্তি মিললেও স্থায়ী সমাধান নিয়ে উদ্বেগে রয়েছেন রোগী ও তাদের পরিবার।
​শঙ্কা ও উদ্বেগের মেঘ
​চট্টগ্রাম ও ঢাকা মিলিয়ে স্যান্ডরের মাধ্যমে প্রায় ৫০০ জন রোগী নামমাত্র খরচে ডায়ালাইসিস করার সুযোগ পাচ্ছেন। চমেক হাসপাতালের নিজস্ব জনবল ও কাঠামোগত সংকটের কথা উল্লেখ করে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, হঠাৎ করে পুরো দায়িত্ব হাসপাতালের হাতে চলে গেলে চিকিৎসার মান ও ধারাবাহিকতা নষ্ট হতে পারে।
​হাসপাতালের সাদা দেওয়ালগুলো প্রতিদিন কত শত মানুষের কান্নার সাক্ষী হয়, তার হিসাব কেউ রাখে না। তবে আজকের এই মানববন্ধনে কিডনি রোগীদের আর্তনাদ আর স্বজনদের না পাওয়ার বেদনা একাকার হয়ে ভেসে বেড়াত চমেকের বাতাসে। তাদের একট, ই চাওয়া—রোগীদের বাঁচানোর এই মাধ্যমটি যেন কোনো জটিলতার গ্যাঁড়াকলে পড়ে চিরতরে বন্ধ হয়ে না যায়।