উত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম থেকে চট্টগ্রাম নগরীতে প্রবেশের প্রধান অন্যতম প্রবেশদ্বার অক্সিজেন মোড়ের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে একটি বৃহৎ মেগা প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই প্রকল্পের আওতায় অক্সিজেন মোড়ে নির্মাণ করা হবে ৭টি পথ (র্যাম্প) বিশিষ্ট একটি আধুনিক ফ্লাইওভার। একই সাথে বায়েজিদ থেকে কুয়াইশ পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়ককে ৪ লেন থেকে বিস্তৃত করে ৯০ ফিট চওড়া ও ৬ লেনে উন্নীত করা হবে।
ফ্লাইওভার নির্মাণ ও সড়ক সম্প্রসারণের এই সমন্বিত প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা। মূল সড়ক সাড়ে ৫ কিলোমিটার হলেও ফ্লাইওভারসহ সম্পূর্ণ সড়কের ব্যাপ্তি দাঁড়াবে প্রায় সাড়ে ৭ কিলোমিটারে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ এবং সড়ক ও জনপথ বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করবে সিডিএ।
প্রকল্পের প্রস্তাবিত নকশা চূড়ান্তকরণ ও ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রণয়নের লক্ষ্যে আজ মঙ্গলবার বিকেল ৩টায় সিডিএ চেয়ারম্যানের সভাপতিত্বে সংস্থাতটির সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সিডিএ কর্তৃক নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ‘ডিজাইন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্ট লিমিটেড’ (ডিএমপি) তাদের তৈরি নকশা উপস্থাপন করবে। ওই সভায় চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার, সিএমপি কমিশনার এবং সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বা তাদের প্রতিনিধিদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে।
ফ্লাইওভারে যেভাবে মিলবে নির্বিঘ্ন যাতায়াত:
প্রস্তাবিত নকশা অনুযায়ী, বায়েজিদ মোড় থেকে একটি র্যাম্প হাটহাজারী সড়ক এবং অপর একটি র্যাম্প কুয়াইশ সড়কের দিকে যাবে। অন্যদিকে হাটহাজারী সড়ক থেকে আসা ফ্লাইওভারের একটি র্যাম্প বায়েজিদ এবং অপরটি মুরাদপুরের দিকে নেমে যাবে। পাশাপাশি কুয়াইশ অংশ থেকে অপর একটি র্যাম্প যুক্ত হবে বায়েজিদের অভিমুখে। ফলে যেকোনো প্রান্ত থেকে আসা যানবাহন মুখোমুখি যানজটে না পড়ে সহজেই গন্তব্যে পৌঁছাতে পারবে।
এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জানান, অক্সিজেন মোড়ের বহুল কাঙ্ক্ষিত যানজট নিরসন এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক সম্প্রসারণ ও ফ্লাইওভার নির্মাণ সম্পন্ন হলে উত্তর চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। বর্তমানে প্রকল্পের ডিপিপি তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

মন্তব্য করুন