চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র এবং ফ্লেয়ারসহ নওশাদ আলম (৩৩) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নওশাদ আলম সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানা পুলিশের সহযোগিতায় ডোমখালী এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নওশাদ আলমের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি এলজি, চারটি ছোরা এবং পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার (উজ্জ্বল আলো ছড়ানোর সামরিক বা জরুরি সংকেত সরঞ্জাম) উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ নওশাদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে এ ঘটনায় দলীয় কঠোর অবস্থানের কথা জানিয়ে মিরসরাই উপজেলা যুবদলের সমন্বয়ক এস এম সুমন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রবাজের স্থান নেই। ব্যক্তির অপরাধের দায় দল কখনোই নেবে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন