বলিউড অভিনেতা শহিদ কাপুরের কোন কোন অভ্যাসে বিরক্ত তাঁর স্ত্রী মীরা রাজপুত? জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর বিশেষ দীপাবলি পর্বের প্রচার ঝলক ঘিরে তৈরি হয়েছে এই কৌতূহল।

প্রকাশিত ঝলকে শহিদ ও তাঁর ভাই ঈশান খট্টরকে নাচতে দেখা যায়। অন্যদিকে কপিল শর্মার সঙ্গে আড্ডায় শহিদকে নিয়ে মজার অভিজ্ঞতা ভাগ করে নেন মীরা। একপর্যায়ে কপিল জানতে চান, স্বামীর কোন অভ্যাসটি তাঁর সবচেয়ে বেশি বিরক্তিকর। মীরা পাল্টা প্রশ্ন করেন, ‘একটা?’ তাঁর এই জবাবে হেসে ওঠেন উপস্থিত সবাই, অবাক হন শহিদও।

অনুষ্ঠানে শহিদ জানান, ‘উড়তা পাঞ্জাব’ দেখার সময় তাঁর চরিত্র দেখে মীরা দূরে সরে বসেছিলেন। এ ছাড়া দুই সন্তান মিশা ও জেইনের প্রতি শহিদের অতিরিক্ত আদরের কথাও উঠে আসে আড্ডায়।

বিশেষ দীপাবলি পর্বটি আগামী ৩১ অক্টোবর রাত ৮টায় নেটফ্লিক্সে প্রচারিত হওয়ার কথা।