নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র ও তৈরির বিভিন্ন সরঞ্জামসহ মো. সাইফুল ইসলাম ওরফে শাকের হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেওটি গ্রামের আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারিঘরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মুমিন উল্লাহর ছেলে।
অভিযানে একটি একনলা বন্দুক, বন্দুকের বিভিন্ন অংশ, তিনটি প্লাস, একটি গ্রাইন্ডিং মেশিন, তিনটি রেঞ্চ, লোহার তৈরি ট্রিগার ও বোল্ট এবং ছোট-বড় আটটি স্টেইনলেস স্টিলের পাইপসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. ওসমান গনি অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানাটির সন্ধান পান।
এ ঘটনায় উদ্ধার করা মালামালের বিবরণসহ আটক যুবকের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন