আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে নেওয়ার বিষয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে জানানোর আগেই তাঁর প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করায় বার্সেলোনাকে ৬০২ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ হাজার টাকা জরিমানা করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে কাতালান ক্লাবটি।

গত গ্রীষ্মকালীন দলবদলে আলভারেজকে দলে নেওয়ার চেষ্টা করেছিল বার্সেলোনা। রবার্ট লেওয়ানডস্কি ও ফেরান তোরেসের বিকল্প হিসেবে নতুন স্ট্রাইকার খুঁজছিল ক্লাবটি। তবে অ্যাটলেটিকোর অভিযোগ, তাদের অনুমতি নেওয়ার আগেই আলভারেজের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে বার্সেলোনা।

তদন্তে জানা গেছে, গত ১৫ মে আলভারেজের তৎকালীন প্রতিনিধি ফার্নান্দো ইদালগো ও বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর মধ্যে কথোপকথন হয়। অথচ অ্যাটলেটিকোর সঙ্গে বার্সেলোনার প্রথম লিখিত যোগাযোগ হয় ২৮ মে।

ফেডারেশন ঘটনাটিকে গুরুতর নিয়মভঙ্গ হিসেবে বিবেচনা না করে শৃঙ্খলাবিধির ১৩৩ নম্বর ধারায় ছোটখাটো লঙ্ঘন হিসেবে গণ্য করেছে। ফলে বড় শাস্তির পরিবর্তে জরিমানা করা হয়েছে।

আলভারেজকে পেতে বার্সেলোনা ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। তবে অ্যাটলেটিকোর প্রধান নির্বাহী মিগেল অ্যাঞ্জেল গিল মারিন স্পষ্ট জানিয়ে দেন, লা লিগার প্রতিদ্বন্দ্বী ক্লাবটির কাছে তাঁকে বিক্রি করা হবে না। রিয়াল মাদ্রিদের ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিল অ্যাটলেটিকো। আর্সেনাল ও প্যারিস সেন্ট জার্মেইও আলভারেজের প্রতি আগ্রহ দেখিয়েছিল।

দলবদল নিয়ে মন্তব্যের পর অ্যাটলেটিকোর সমর্থকদের সমালোচনার মুখে পড়েছিলেন আলভারেজ। সম্প্রতি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, নিজের মন্তব্যের ধরন ও সময় ঠিক ছিল না। সমর্থকদের ক্ষোভের কারণও তিনি বুঝতে পারছেন বলে জানান।

চলতি লা লিগায় প্রথম ১০ ম্যাচের আটটিতে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দলটি শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে। আগামী ৮ নভেম্বর দুই দলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। আলভারেজকে ঘিরে দলবদলের বিরোধের পর ম্যাচটি বাড়তি গুরুত্ব পাচ্ছে।