জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় অপর তিন আসামি সদর উদ্দিন খান, আজগর আলী ও আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। চার আসামিই পলাতক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের নেতৃত্বে ছিলেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনে নির্দেশনা, উসকানি ও সহায়তার মাধ্যমে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় আসামিরা জড়িত ছিলেন। হানিফের বিরুদ্ধে রাজনৈতিক নেতৃত্বের অবস্থান থেকে আন্দোলন দমনে ভূমিকা রাখার অভিযোগও আনা হয়। এসব অভিযোগের পক্ষে টেলিফোনে কথোপকথনের রেকর্ডসহ বিভিন্ন প্রমাণ আদালতে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।
মামলায় তদন্ত কর্মকর্তাসহ ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ৭ অক্টোবর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। পরে ২৯ অক্টোবর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

মন্তব্য করুন