দীর্ঘ সময় শুটিং শেষে বাড়ি ফিরে স্বামী ও বাবার দায়িত্ব সমানভাবে সামলান বলিউড অভিনেতা ভিকি কৌশল। তাঁর এই দায়িত্ববোধে মুগ্ধ স্ত্রী ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামীর প্রশংসা করার পাশাপাশি সন্তান জন্মের পর তাঁদের ব্যক্তিগত জীবনে আসা পরিবর্তনের কথাও জানিয়েছেন তিনি।

২০২১ সালে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গত বছর তাঁদের ঘরে আসে পুত্রসন্তান বিহান। প্রথমবার মা-বাবা হওয়ার পর নতুন দায়িত্বের সঙ্গে মানিয়ে নিচ্ছেন এই তারকা দম্পতি।

ক্যাটরিনার ভাষ্য অনুযায়ী, দিনে ১৪ থেকে ১৮ ঘণ্টা শুটিং করে বাড়ি ফিরলেও ভিকির মধ্যে সন্তানের যত্ন নেওয়ার বাড়তি উদ্যম দেখা যায়। ক্লান্তি থাকা সত্ত্বেও বাড়িতে ফিরে তিনি সন্তান ও সংসারে মনোযোগ দেন। ভিকির এই দায়িত্ববোধকেই বিশেষ গুণ বলে মনে করেন ক্যাটরিনা।

তবে সন্তান আসার পর তাঁদের ব্যক্তিগত সময় আগের তুলনায় অনেক কমেছে বলেও জানিয়েছেন অভিনেত্রী। আগে দুজনে হঠাৎ রেস্তোরাঁয় খেতে যাওয়া কিংবা সিনেমা দেখার সুযোগ পেতেন। এখন এসব পরিকল্পনা করা কঠিন হয়ে পড়েছে।

বিষয়টি নিয়ে অবশ্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে তাঁদের। ক্যাটরিনা জানান, ভিকি তাঁকে সাহস জোগান এবং আশ্বস্ত করেন যে সময়ের সঙ্গে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে।

কাজের প্রসঙ্গে ক্যাটরিনা জানান, ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছবির পর তাঁকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। আপাতত অভিনয়ে ফেরার জন্য তাড়াহুড়ো করছেন না তিনি। বরং নিজের ব্যবসায়িক উদ্যোগ, পরিবার ও ব্যক্তিগত জীবনে সময় দেওয়াকে গুরুত্ব দিচ্ছেন।

তবে পর্দায় ফেরার সুযোগ এলে ভক্তদের চমকে দিতে চান এই অভিনেত্রী। এবার ইতিবাচক চরিত্রের বদলে খলনায়িকার ভূমিকায় অভিনয়ের আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।