রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৬টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৪৭ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৬৩ জন, তেজগাঁওয়ে ৭৩ জন, মিরপুরে ১৫০ জন, গুলশানে ৫০ জন, উত্তরায় ৪৬ জন, গোয়েন্দা বিভাগে চারজন এবং এসআরইউ বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে পুলিশ ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩ হাজার ১৪৬টি ইয়াবা বড়ি ও ৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে। এ ছাড়া একটি মোটরসাইকেল, একটি ব্যক্তিগত গাড়ি, দুটি ওয়াকিটকি, ছয়টি মুঠোফোন, ৩৫০ কেজি স্ক্র্যাপ কেবল এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, বুধবার রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।