ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। শনিবার (২৪ অক্টোবর) আজারবাইজানের বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের কেউই গোল করতে পারেনি। আকবর হোসেন রিদনের দলের হয়ে গোলরক্ষক শ্রীনাথ সরকারও দারুণভাবে নিজের জাল অক্ষত রাখার চেষ্টা করেছেন।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১টি দেশের দল। আটজনের দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ এই আসর। প্রতিটি ম্যাচের দুই অর্ধ ২০ মিনিট করে এবং মাঠের দৈর্ঘ্য ৬৮ মিটার ও প্রস্থ ৪৮ মিটার।

বাংলাদেশ রয়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। গ্রুপের আরেক ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ফলে এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল। বাংলাদেশ ও ওয়েলস এক পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

ম্যাচ শেষে বাংলাদেশের গোলরক্ষক শ্রীনাথ সরকার বলেন, শারীরিক সক্ষমতায় ওয়েলসের খেলোয়াড়রা এগিয়ে থাকলেও বাংলাদেশ ভালো খেলেছে। নিজের গোলপোস্ট অক্ষত রাখতে চেষ্টা করেছেন তিনি। পরবর্তী ম্যাচগুলোতেও একই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা তাঁর। দলের পারফরম্যান্সের জন্য সবার দোয়া চেয়েছেন তিনি।

সূচি অনুযায়ী, ২৫ ও ২৬ অক্টোবর বাংলাদেশ দুটি করে ম্যাচ খেলবে। আগামীকাল প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, এরপর ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে।