চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, এটিএম কার্ড ও মানিব্যাগ জব্দ করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে র‍্যাব-৫-এর মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মো. মানিক (৩৮) এবং চাঁদ শিকারী গ্রামের মো. ইউসুফ আলী (৫০)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকার মুকিম মার্কেটের একটি দোকানে অভিযান চালানো হয়। র‍্যাব-৫-এর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের কাছ থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার সমমূল্যের জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়।

র‍্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার সিনিয়র পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিদের জব্দ করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে মামলা করা হয়েছে।