সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার রাতে ভোলার সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

আন্দালিভ রহমান বলেন, সাইবার সুরক্ষাসহ প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়াকে কার্যকর ও সময়োপযোগী করতে সংশ্লিষ্ট অংশীজন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মালিক এবং সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে আলোচনা চলছে। আইন সংশোধনের এ কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক ও ফলপ্রসূ পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্প্রতি নেত্রকোনায় এক সাংবাদিক হত্যার ঘটনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক কিংবা অন্য কোনো পেশার মানুষ—যেই অপরাধের শিকার হোন না কেন, প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এবার আনন্দ ও সম্প্রীতির পরিবেশে ধর্মীয় উৎসব পালন করছেন। দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসাও করেন তিনি। পূজা কমিটির নেতাদের বরাত দিয়ে মন্ত্রী জানান, এবার ভোলায় পূজা চলাকালে কোনো নিরাপত্তা-শঙ্কা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।