মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী ও দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাননি বলেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তবে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এই নেতা।

সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন জানান, প্রধানমন্ত্রী তাকে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূলের পাশাপাশি জনজীবনের অন্যান্য সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতিও পেয়েছেন বলে জানান ইশরাক।

মাদকের বিস্তারকে দেশের ভবিষ্যৎ ও রাষ্ট্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মাদকবিরোধী লড়াই অব্যাহত রাখা জরুরি। মাদক কারবারের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

সম্প্রতি মাদকবিরোধী অভিযান নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে ইশরাক বলেন, ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই অভিযানে অংশ নেওয়া হয়েছিল। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন এবং অভিযানে যুক্ত ছিলেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, অভিযানে জনপ্রতিনিধির ভূমিকা নিয়ে বিতর্কের কারণে মাদকের মূল সমস্যা আড়ালে চলে যাচ্ছে। মাদকের স্পট, এর সঙ্গে জড়িত ব্যক্তি এবং মূল হোতাদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও মাদক নির্মূল এবং জনজীবনের সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ইশরাক হোসেন।