ব্যক্তিগত, জমি কিংবা পরিচালনা কমিটিসংক্রান্ত বিরোধকে ধর্মীয় হামলা হিসেবে প্রচারের অপচেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্গাপূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে শরীরে ধারণযোগ্য ক্যামেরা, সিসিটিভি এবং অ্যাপভিত্তিক নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশের মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, কোথাও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো অপকর্ম করে কেউ পার পাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অসত্য তথ্য ছড়িয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে উল্লেখ করে মন্ত্রী সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

চলমান দুর্গোৎসবের মতো প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবও শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।