সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার। রায়ের কপি পাওয়ার পর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালে সৌদি আরবের পুলিশ ওই দুই বাংলাদেশিকে আটক করে। তবে এ সময়ের মধ্যে তাদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেননি বলে জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, বিচারিক রায়ের কপি হাতে পাওয়ার পর তাদের পরিচয় এবং দুজনের মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে। এ বিষয়ে সরকার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
তিনি আরও জানান, সৌদি আরবের বিভিন্ন কারাগারে অনেক বাংলাদেশি বন্দি রয়েছেন। সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে বন্দিদের তালিকা বাংলাদেশকে পাঠায়। সেই তালিকাও খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হলে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চায় বাংলাদেশ সরকার। একই সঙ্গে তাদের পরিচয় নিশ্চিত করা এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন