নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে কয়েকটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন তারা। এ সময় প্রতিমা ও মণ্ডপের আশপাশের সবুজ পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং প্রতিমার পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন।
পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, তার স্ত্রী ইয়াছমিন ইসমাইল, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক, সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সালাহউদ্দিন এবং স্থানীয় রাজনৈতিক নেতারা। এ ছাড়া বাংলাদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সালাহউদ্দিন জানান, মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে পূজামণ্ডপের আশপাশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। তার নিরাপত্তায় সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করেন তারা।

মন্তব্য করুন