সৌদি আরবের বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ)।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সময় অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। এসব ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন সময়সূচি পরে জানানো হবে।
যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে উড়োজাহাজের আসনসংখ্যা বাড়িয়েছে বিমান। এ রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করা হয়েছে। এতে প্রতিটি ফ্লাইটে আসনসংখ্যা ১৪৮টি বেড়েছে।
এ ছাড়া যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

মন্তব্য করুন