রাজধানীর নতুনবাজার এলাকায় রাইদা ও ভিক্টর পরিবহনের দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে শিশির মিয়া (২০) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশির মিয়া ভিক্টর পরিবহনের বাসের চালকের সহকারী হিসেবে কাজ করতেন। তিনি গাজীপুরের টঙ্গী এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলায়মান হক জানান, খবর পেয়ে নতুনবাজার মোড়ের যাত্রীছাউনির সামনে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ স্থানীয়দের বরাতে জানায়, ঘটনার সময় বাড্ডাগামী রাইদা ও ভিক্টর পরিবহনের দুটি বাসের মধ্যে আগে যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়। একপর্যায়ে রাইদা পরিবহনের বাসটি ভিক্টর পরিবহনের বাসকে পাশ দিয়ে চাপ দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ভিক্টর বাসের দরজার কাছে থাকা হেলপার শিশির দুই বাসের চাপে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন