ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা আজমপুর ও বিমানবন্দর সড়কে অবস্থান নিলে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

সড়ক অবরোধের কারণে বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, কর্মজীবী ও বিভিন্ন প্রয়োজনে বের হওয়া যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেককে বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।

উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার রুবেল হক জানান, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা আজমপুর এলাকায় সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন। পরে তারা বিমানবন্দরের দিকে সরে গেলে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

উত্তরা ট্রাফিক বিভাগের উপকমিশনার শাহজাহান হোসেন জানান, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে বিক্ষোভ করছেন।

অন্যদিকে, উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একযোগে সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।