দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি ও জাহাজ নির্মাণসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে দুই দেশের অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। বাংলাদেশের টেকসই ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতার নতুন সুযোগ খুঁজে দেখার আহ্বান জানান তিনি।

এ ছাড়া বাংলাদেশের খাদ্যনিরাপত্তা জোরদারে সার খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন হুমায়ুন কবির। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ওষুধশিল্প, কৃষি, জাহাজ নির্মাণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, এসব গুরুত্বপূর্ণ খাতে ঘনিষ্ঠ সহযোগিতা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে। এ লক্ষ্যে জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে আলজেরিয়ার রাষ্ট্রদূত দুই দেশের সহযোগিতা আরও জোরদারে তার দেশের আগ্রহের কথা জানান। তিনি জ্বালানি, ওষুধশিল্প, সার, জাহাজ নির্মাণ এবং সামুদ্রিক নৌপরিবহন সেবায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।