ম্যাচের ৬০ মিনিট পেরিয়েও গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। তবে এরপর মাত্র সাত মিনিটের ব্যবধানে তিন গোল করে ফরাসি ক্লাব লিলেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ইংলিশ ক্লাবটি। জুরিয়েন টিম্বার, এবেরেচি এজে ও বুকায়ো সাকার গোলে জয় নিশ্চিত করে মিকেল আর্তেতার দল।
শনিবার লিডসের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচ থেকে একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন আর্সেনাল কোচ আর্তেতা। তবে প্রথমার্ধে তার প্রভাব খুব একটা দেখা যায়নি। গোলশূন্য প্রথমার্ধে বরং স্বস্তিতে ছিল সফরকারী লিলে। এ সময় আয়াসে উয়েদার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
প্রথমার্ধে আর্সেনালের হয়ে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন ব্রুনো গিমারেস। কাছ থেকে নেওয়া তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরে দূরপাল্লার জোরালো শটও ঠেকিয়ে দেন লিলের গোলরক্ষক বেরকে ওজের।
বিরতির পর আক্রমণের গতি বাড়ায় আর্সেনাল। ম্যাচের ৬০ মিনিট পেরোনোর পর ননি মাদুয়েকের পাস থেকে বল পেয়ে চিপ শটে গোল করেন টিম্বার। তার এই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপর বদলি হিসেবে মাঠে নামেন বুকায়ো সাকা, কাই হাভার্টজ ও মার্টিন ওডেগার্ড। তাদের নামার পর আর্সেনালের আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে। সাকার নিচু ক্রস থেকে পাওয়া বলে শট নেন এজে। ডিফেন্ডারের গায়ে লেগে বলের দিক পরিবর্তন হলে তা জালে জড়ায়।
এর কিছুক্ষণ পর হাভার্টজের কাটব্যাক থেকে দলীয় আক্রমণ শেষ করে নিজের নামের পাশে গোল যোগ করেন সাকা। মাত্র সাত মিনিটের ব্যবধানে তিনবার জালের দেখা পেয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় আর্সেনাল। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গানাররা।

মন্তব্য করুন