চাঁদপুরে ২০২৪ সালের ৫ আগস্ট জনতার পিটুনিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বুধবার (৮ অক্টোবর) সকালে মরদেহ দুটি তোলা হয়।

সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এলাকায় প্রথমে সেলিম খানের মরদেহ উত্তোলন করা হয়। পরে একই স্থান থেকে তার ছেলে শান্ত খানের মরদেহও তোলা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও মামলার তদন্ত কর্মকর্তা চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আদালতের নির্দেশনার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসনের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন করা হয়। জেলা প্রশাসকের অনুমোদনের পর আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সেলিম খান সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র স্বত্বাধিকারী ছিলেন। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।

সেলিম খানের বিরুদ্ধে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ ছিল। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ নিয়েও তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এছাড়া দুর্নীতি দমন কমিশন ও রাজস্ব ফাঁকিসংক্রান্ত একাধিক মামলার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার চেষ্টা করার সময় জনতার পিটুনিতে সেলিম খান ও শান্ত খান নিহত হন বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাটি নিয়ে সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত মরদেহ দুটি উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।