কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়লেও এতে থাকা ২৩ ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করেছে রাশিয়ার কোস্টগার্ড।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঘটনাটি ঘটে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী আফ্রাম্যাক্স রিও নামের জাহাজটিতে সমুদ্রপথে ব্যবহারের উপযোগী একটি ড্রোন আঘাত হানে।

হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাশিয়ার কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নাবিকদের উদ্ধারে অভিযান শুরু করে।

তীব্র আগুনের কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়লেও শেষ পর্যন্ত জাহাজে থাকা ২৩ জন নাবিককেই জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া সবাই ভারতীয় নাগরিক।

হামলার পেছনে কারা দায়ী এবং ড্রোনটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।