নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন।
সোমবার (৫ অক্টোবর) বিমানটি নাইজেরিয়ার অর্থনৈতিক কেন্দ্র লাগোসের উদ্দেশে একটি নিয়মিত মিশনে ছিল। স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
নাইজেরিয়ার বিমান চলাচল বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানিয়েছেন, বিমানটি এডো প্রদেশ থেকে লাগোসের দিকে যাচ্ছিল। পথে একটি নৌঘাঁটির কাছাকাছি এলাকায় এটি বিধ্বস্ত হয়।
নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি এটিআর-৪২ মডেলের। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উদ্ধারকারী দলের সদস্যদের নৌকায় করে দুর্ঘটনাস্থলে যেতে দেখা গেছে। এ সময় স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলের আশপাশে ভিড় করেন।
এক স্থানীয় বাসিন্দা জানান, বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগে কয়েকটি গাছ ভেঙে ফেলে। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষ, পোশাক ও জুতা উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন