ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘিরে শুক্রবার (২ অক্টোবর) নয়াদিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষোভস্থলকেন্দ্রিক এলাকায় ইন্টারনেট পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ১১টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করা হয়েছে।

দিল্লি পুলিশ যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি। এর আগে নিউ দিল্লি জেলায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়। বিক্ষোভ ঘিরে কেন্দ্রীয় দিল্লিতে প্রায় ৫ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

দিল্লি মেট্রো রেল করপোরেশন জানিয়েছে, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক, সেবা তীর্থ, মন্ডি হাউস, লোক কল্যাণ মার্গ, আইএনএ, চাওরি বাজার, রামকৃষ্ণ আশ্রম মার্গ ও নয়াদিল্লি, এই ১১টি স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখা হয়েছে। তবে কয়েকটি স্টেশনে আন্তঃসংযোগের সুবিধা চালু রয়েছে।

বিক্ষোভকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র ও নাগরিক সংগঠনের কর্মীরা রয়েছেন। আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজসহ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে। পুলিশের হিসাবে কয়েক শ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

এই আন্দোলনের অন্যতম বিষয় নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। বিরোধী দল ও বিক্ষোভকারীদের অভিযোগ, এই প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে এবং নির্বাচন পরিচালনা নিয়ে স্বচ্ছতার প্রশ্ন তৈরি হয়েছে। রয়টার্স জানিয়েছে, কমিশন এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, ভোটার তালিকা সংশোধনের উদ্দেশ্য অনুপযুক্ত ও ভুল নাম বাদ দেওয়া এবং কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্যকে স্বাভাবিক প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা উচিত।

এদিকে বিভিন্ন বিরোধী দল ও সংগঠন জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ভোটার তালিকা নিয়ে জবাবদিহির দাবি জানিয়েছে। ককরোচ জনতা পার্টিও দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।

শুক্রবারের কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যন্তর মন্তর ও আশপাশের এলাকায় একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। ফলে বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর কেন্দ্রীয় অংশে জনজীবন ও পরিবহন ব্যবস্থায়ও প্রভাব পড়েছে।