বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন শুটিংয়ের সময় পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি।
‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক এক পর্বে অমিতাভকে অন্যরকমভাবে অনুষ্ঠানের সূচনা করতে দেখা যায়। সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের পরিচিত সংলাপে দর্শকদের মাতিয়ে তোলেন তিনি। তবে এবার ৮৩ বছর বয়সী এই অভিনেতা শুরু থেকেই সঞ্চালকের চেয়ারে বসে ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দ্রুত নির্ধারিত আসনে বসে পড়ায় উপস্থিত দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে বিষয়টি নিজেই পরিষ্কার করেন অমিতাভ।
তিনি জানান, আগের দিন শুটিং চলাকালে হঠাৎ পিছলে পড়ে যান। এতে বাঁ হাঁটুতে আঘাত লাগে। চোটের কারণে সোজা হয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে কিছুটা সমস্যা হচ্ছিল। তাই এবার বসে থেকেই অনুষ্ঠানের শুরুতে মনোলগ করতে হয়েছে তাকে।
তবে এ ঘটনায় ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন অমিতাভ। তিনি জানান, আঘাত গুরুতর নয় এবং এ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার কারণ নেই।
চোট পাওয়ার পরও অনুষ্ঠানে প্রতিযোগীদের অভ্যর্থনা জানানোর সময় দাঁড়িয়ে তাদের স্বাগত জানান অমিতাভ। তার পেশাদারিত্ব দেখে সেটে উপস্থিত দর্শক ও সংশ্লিষ্টরা করতালি দিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন।





মন্তব্য করুন