আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে শেনজেন ভিসার আবেদন নিয়ে আর সিদ্ধান্ত দেবে না সুইডেনের দূতাবাস। এরপর থেকে বাংলাদেশ থেকে করা শেনজেন ভিসার সব আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবে সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার সুইডেন দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ১৫ অক্টোবর থেকে ভিসা আবেদনের সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সুইডিশ মাইগ্রেশন এজেন্সির কাছে চলে গেলেও আবেদনকারীদের জন্য বিদ্যমান আবেদন প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসবে না।

আগের মতোই ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত নিয়মে শেনজেন ভিসার আবেদন জমা দিতে হবে। অর্থাৎ আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে নতুন কোনো পদ্ধতি অনুসরণ করতে হবে না।

শেনজেন ভিসা আবেদন ও সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য সুইডেনের দূতাবাসের প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।