দেশে নতুন করে কোনো যৌথ অভিযান পরিচালনার আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ফলক উন্মোচন শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করার বিষয়টি নতুন কোনো কার্যক্রম নয়। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বাহিনীগুলো নিয়মিতভাবেই নিজেদের দায়িত্ব পালন করে আসছে।

তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় আরও বাড়ানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সক্ষমতা ও সমন্বয় বাড়ানোর মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box