
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য জানায়।
ডিএমপি জানিয়েছে, হামলার পর স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন কেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।
ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভেতরে ঢুকে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও বিভিন্ন সামগ্রী লুট করে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
হামলার পর স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় একটি সমবায় সমিতির নামে সাইনবোর্ড টাঙানোর অভিযোগও করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ফেরদৌসী আহমেদ মিষ্টির ইন্ধনের অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। মামলায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।