যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে দেশটিকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কূটনৈতিক তৎপরতা চলার মধ্যে শিগগিরই একটি সমঝোতা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে এমন কোনো চুক্তি হবে কি না, যা দেশটিকে পুনর্গঠন করে আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হওয়ার সুযোগ দেবে—এ বিষয়ে তাঁকে একটি ‘বড় সিদ্ধান্ত’ নিতে হবে।
ট্রাম্প বলেন, অন্যথায় ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংস করার সিদ্ধান্ত নিতে পারেন তিনি, যাতে ইরান আর কখনো মানুষ ও দেশগুলোর বিরুদ্ধে হামলা চালানোর সুযোগ না পায়।
ট্রাম্পের বক্তব্যকে ‘প্রচার’ হিসেবে প্রত্যাখ্যান করেছে ইরানের সশস্ত্র বাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানায়, আগ্রাসীদের বিরুদ্ধে আরও ‘ভয়াবহ, ধ্বংসাত্মক ও অনির্দেশ্য’ হামলা চালানোর জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।
তবে পাল্টাপাল্টি হুমকির মধ্যেও সংঘাতের অবসানে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। প্রায় সাত মাস ধরে চলা এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তেলের দাম বেড়েছে এবং প্রতিবেশী দেশগুলোও সংঘাতের প্রভাবের মধ্যে পড়েছে।
মার্কিন দূত স্টিভ উইটকফ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। মধ্যস্থতাকারীরা দিনভর দুই পক্ষের মধ্যে যোগাযোগ করে আলোচনা চালিয়ে গেছেন বলেও জানান তিনি।
উইটকফ বলেন, মধ্যস্থতাকারীরা তাদের কাজ চালিয়ে যাবেন এবং তিনি আশা করছেন, মঙ্গলবারের আলোচনা গঠনমূলক ও আশাব্যঞ্জক হবে।
এদিকে ট্রাম্প মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। এসব দেশ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক করতে আগ্রহী। বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের একটি উল্লেখযোগ্য অংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়।
তবে ইরানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ থাকা এসব দেশ সংঘাতের মধ্যে তেহরানকে অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয়েও সতর্ক রয়েছে। এসব দেশের কয়েকটিতে বড় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলো সংঘাত চলাকালে ইরানের হামলার লক্ষ্য হয়েছে।
মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান পরিস্থিতি ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হতে পারে, এমনকি তার আগেও সমাধান হতে পারে। তবে ঠিক কখন পরিস্থিতির অবসান হবে, তা নিশ্চিত করে বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
