
জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রায় পৌনে এক ঘণ্টার যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংক্ষিপ্ত মতবিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উষ্ণ অভ্যর্থনা ভুটানের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন তারা। এ সময় বাংলাদেশ ও ভুটানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়।
দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। ভুটানের গেলেপু মাইন্ডফুলনেস সিটির উন্নয়নে বাংলাদেশের অবদান রাখার আগ্রহের কথা জানান মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ থেকে পেশাদার, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়েও আলোচনা হয়।
এ সময় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ককে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে ভুটানের সমর্থন কামনা করেন বাংলাদেশের প্রতিনিধিরা।
বিরতি শেষে চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়েন শেরিং তোবগে।