
আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের চার হাফেজকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মানে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার মাধ্যমে ভালো কোনো অর্জন করলে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অর্জন শুধু ব্যক্তিগত নয়, দেশের মানুষের জন্যও গৌরবের।
মেধাবীদের উৎসাহিত ও যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর সুফল ভবিষ্যৎ প্রজন্ম ও দেশ পাবে। ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন।
হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় হন। একই প্রতিযোগিতায় হাফেজা রাবেতা বিনতে রমজান ১৫ পারা এবং হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ৩০ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ী হাফেজদের বই উপহার দেন এবং তাদের কণ্ঠে কোরআনের আয়াত তিলাওয়াত শোনেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাফেজদের শিক্ষক ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।