
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ না দেওয়ায় ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানায়নি। সার্বভৌম দেশের সরকারপ্রধান হিসেবে সাইডলাইনে বসে থাকার জন্য তিনি সম্মেলনে যাননি। তার মতে, এতে দেশের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের অবস্থান স্পষ্ট হয়েছে।
আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ বন্ধের প্রসঙ্গে রিজভী বলেন, ঝাড়খণ্ডের আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় ১,৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্তের পরপরই আদানি তাদের একটি ইউনিটে ত্রুটির কথা জানায়। ঘটনাটিকে তিনি পূর্বপরিকল্পিত পদক্ষেপ বলে দাবি করেন।
রিজভী আরও বলেন, একটি বিশেষ গোষ্ঠী দেশকে আবারও স্বাধীনতার পূর্ববর্তী দাসত্বের যুগে ফিরিয়ে নিতে ষড়যন্ত্র করছে। দেশের মানুষ ও সরকার ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত মোকাবিলা করবে।